মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের পুনঃপ্রবর্তনকারী এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদৎবার্ষিকী উপলক্ষে মিলাদ, দোয়া মাহফিল ও অসহায়দের মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক হাসান আহমেদের উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়।
রবিবার (৩১ মে) বাদ আছর নগরীর জিমখানা মোড় এলাকায় কাউন্সিলরের অস্থায়ী কার্যালয়ে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক প্যানেল মেয়র বিভা হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক ও মহানগর বিএনপির আহ্বায়ক এডভোকেট সাখাওয়াত হোসেন খান।
প্রধান অতিথির বক্তব্যে এডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেন, “শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন আধুনিক বাংলাদেশের স্থপতি। তিনি সংকটে দিশেহারা জাতিকে স্বাধীনতার ঘোষণা দিয়ে যুদ্ধের ময়দানে পাঠিয়েছিলেন, আবার যুদ্ধের পর ধ্বংসস্তূপ থেকে দেশকে টেনে তুলে স্বনির্ভর জাতি হিসেবে গড়ে তুলেছিলেন। আজ দেশে গণতন্ত্র বিপন্ন। শহীদ জিয়ার প্রদর্শিত বহুদলীয় গণতন্ত্রের পথেই আমরা জনগণের অধিকার পুনরুদ্ধার করব। তাঁর ১৯ দফা কর্মসূচি আজও এদেশের সাধারণ মানুষের ভাগ্য পরিবর্তনের সোপান।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক মনির হোসেন ও শহর বিএনপি নেতা নুরুল হক দীপু।
উক্ত দোয়া মাহফিলে আরও উপস্থিত ছিলেন ১৭নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক কাজী নাঈম, ১৮নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আল আরিফ, সদর যুবদল নেতা বাপ্পী শিকদার চিশতি, ১৬নং ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমানসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা।
অনুষ্ঠানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বিদেহী আত্মার মাগফিরাত এবং দেশ ও জাতির সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। মোনাজাত শেষে আয়োজক হাসান আহমেদের পক্ষ থেকে সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে নগদ অর্থ সহায়তা ও তবারক বিতরণ করা হয়।
মন্তব্য করুন