
নারায়ণগঞ্জের আড়াইহাজারে এক সংবাদ সম্মেলনে বাড়ি দখল, সম্পত্তি আত্মসাৎ এবং হয়রানির অভিযোগ তুলে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন তাসনৃভা জাহান পারুল নামে এক অর্নাস পড়ুয়া এক ছাত্রী।
রোববার (৭ জুন) বেলা ১১টায় চাষাড়া জেলা রিপোর্টার্স ইউনিটির কার্যালয়ে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি দাবি করেন, তার মা সীমা আক্তার একাধিক বিবাহ ও পরকীয়ার কারনে দীর্ঘদিন আগে তার পিতার সঙ্গে আদালতের মাধ্যমে বিবাহবিচ্ছেদ করেন। এরপর তাদের পিতা দুই বোনকে লালন-পালন করেন এবং নিজের সম্পত্তি দুই মেয়ের নামে রেজিস্ট্রি করে দেন।
তাসনুভা জাহান পারুল অভিযোগ, তার মা সীমা আক্তার পরবর্তীতে স্থানীয় রাজনৈতিক প্রভাব খাটিয়ে ওই সম্পত্তি দখলের চেষ্টা করেন। তিনি দাবি করেন, স্থানীয় এক সংসদ সদস্য নজরুল ইসলাম আজাদেী নাম ব্যবহার করে বিভিন্ন সময় তাদের বাড়িতে হামলা, ভয়ভীতি প্রদর্শন এবং জোরপূর্বক দখলের চেষ্টা চালানো হয়েছে।
সংবাদ সম্মেলনে তিনি আরও অভিযোগ করেন, ২০২৪ সালের ৫ সেপ্টেম্বর এবং চলতি বছরের ১৮ এপ্রিল তাদের বাড়িতে জোরপূর্বক প্রবেশ করে মারধর, ভাঙচুর ও সম্পদ লুটপাট করা হয়। এ সময় নগদ অর্থ, স্বর্ণালঙ্কার, আসবাবপত্র, পুকুরের মাছ এবং বিভিন্ন মালামাল নিয়ে যাওয়া হয়েছে বলে তিনি দাবি করেন। এতে প্রায় ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলেও উল্লেখ করেন।
তিনি বলেন, তার অসুস্থ পিতা, বৃদ্ধ দাদি এবং পরিবারের সদস্যদের বিভিন্ন সময় জিম্মি করে রাখা হয়েছে। এমনকি তাদের সহযোগিতা করতে এগিয়ে আসা কয়েকজন ব্যক্তিকেও মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে বলে অভিযোগ করেন।
তাসনুভা জাহান পারুল অভিযোগ করেন, স্থানীয় কিছু ব্যক্তি ও একটি রাজনৈতিক দলের নেতাকর্মীদের সহায়তায় তাদের পরিবারকে এলাকা ছাড়তে বাধ্য করা হয়েছে। বর্তমানে নিরাপত্তাহীনতার কারণে তারা স্বাভাবিক জীবনযাপন করতে পারছেন না বলেও জানান।
সংবাদ সম্মেলনে তিনি প্রধানমন্ত্রী, সংশ্লিষ্ট প্রশাসন এবং স্থানীয় জনপ্রতিনিধিদের কাছে সুষ্ঠু তদন্তের মাধ্যমে বাড়ি ও সম্পত্তি ফেরত, পরিবারের সদস্যদের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং অভিযোগে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।