
আওয়ামী লীগের ‘দেশবিরোধী ষড়যন্ত্র ও নৈরাজ্যের’ বিরুদ্ধে তীব্র প্রতিবাদ ও ক্ষোভ জানিয়ে নারায়ণগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে মহানগর যুবদল।
বুধবার ২৪ জুন বিকালে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল ও সদস্য সচিব শাহেদ আহমেদের নেতৃত্বে এই বিক্ষোভ কর্মসূচি পালিত হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
বিক্ষোভ মিছিলে মহানগর যুবদল ও এর আওতাধীন বিভিন্ন ওয়ার্ড ও থানার বিপুলসংখ্যক নেতাকর্মী ব্যানার-ফেস্টুন হাতে অংশ নেন। এ সময় তারা আওয়ামী লীগের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন।
সংক্ষিপ্ত সমাবেশে মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল বলেন, “আওয়ামী লীগ দেশে আবার নতুন করে ষড়যন্ত্র ও নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করছে। কিন্তু যুবদলের নেতাকর্মীরা রাজপথে থেকে তাদের যেকোনো দেশবিরোধী চক্রান্ত শক্ত হাতে প্রতিহত করবে। জনগণের অধিকার হরণকারী কোনো শক্তিকে আর মাথা চাড়া দিয়ে উঠতে দেওয়া হবে না।”
সদস্য সচিব শাহেদ আহমেদ তার বক্তব্যে বলেন, “শহীদ জিয়ার আদর্শ ও দেশনায়ক তারেক রহমানের নির্দেশনায় যুবদল সবসময় রাজপথে অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার। আওয়ামী লীগের যেকোনো অপতৎপরতা রুখে দিতে নারায়ণগঞ্জ মহানগর যুবদল সম্পূর্ণ প্রস্তুত রয়েছে।”
সমাবেশে মহানগর যুবদলের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বক্তারা তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও শক্তিশালী করার এবং যেকোনো পরিস্থিতিতে রাজপথে সক্রিয় থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।