নারায়ণগঞ্জে ১ হাজার ৬০ কোটি ৯৯ লাখ ৭৫ হাজার ১১২ টাকার বাজেট ঘোষণা করেছে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক এড.সাখাওয়াত হোসেন খান।
বৃহস্পতিবার (৩০ জুলাই) সকালে অডিটোরিয়াম রুমে ২০২৬-২০২৭ অর্থবছরের বাজেট ঘোষণা করা হয়।
ঘোষিত বাজেট অনুযায়ী, রাজস্ব ও উন্নয়ন খাতে মোট সম্ভাব্য আয় ধরা হয়েছে ১ হাজার ৬০ কোটি ৯৯ লাখ ৭৫ হাজার ১১২ টাকা। অন্যদিকে মোট ব্যয় নির্ধারণ করা হয়েছে ৯৩০ কোটি ৭৫ লাখ ৪২ হাজার ৪০২ টাকা। ফলে হিসাব অনুযায়ী বছর শেষে ১৩০ কোটি ২৪ লাখ ৩২ হাজার ৭১০ টাকা উদ্বৃত্ত থাকবে।
এবারের বাজেট গত অর্থবছরের তুলনায় ২৮৫ কোটি ৬৫ লাখ ৯৬ হাজার ৯৫৪ টাকা বেশি, যা নাসিকের ইতিহাসে সর্বোচ্চ বাজেট হিসেবে উল্লেখ করা হয়েছে।
যদিও বাজেটে নতুন কোনো কর আরোপ করা হয়নি। বরং ছাদবাগান করা হোল্ডিং মালিকদের জন্য বিদ্যমান ২৭ শতাংশ কর ছাড়ের সঙ্গে অতিরিক্ত ২ শতাংশ ছাড়ের ঘোষণা দেওয়া হয়েছে।
বাজেট বক্তৃতায় প্রশাসক এড.সাখাওয়াত হোসেন খান বলেন, রাস্তা ও ড্রেন নির্মাণ, সুপেয় পানির সরবরাহ বৃদ্ধি, বর্জ্য ব্যবস্থাপনার আধুনিকায়ন, খাল পুনরুদ্ধার, জলাবদ্ধতা নিরসন, ডেঙ্গু নিয়ন্ত্রণ, পরিবেশ সংরক্ষণ, বৃক্ষরোপণ, যানজট নিরসন এবং তথ্যপ্রযুক্তিনির্ভর নাগরিক সেবা সম্প্রসারণকে অগ্রাধিকার দেওয়া হয়েছে।
পরিকল্পনার অংশ হিসেবে ২০ কিলোমিটার ট্রান্সমিশন পাইপলাইন, ২৮০ কিলোমিটার বিতরণ পাইপলাইন, ১৪টি ডিস্ট্রিক্ট মিটারড এরিয়া (ডিএমএ), ৩৫ হাজার স্মার্ট পানির সংযোগ, ৩৫ কিলোমিটার ড্রেন নির্মাণ বা পুনর্নির্মাণ এবং পাঁচ হেক্টর জায়গাজুড়ে পার্ক, খেলার মাঠ ও কমিউনিটি সেন্টার নির্মাণের ঘোষণা দেওয়া হয়।
এছাড়া ২৭টি ওয়ার্ডে মোট ৫৪টি পানির পাম্প স্থাপন, জালকুড়ির স্থায়ী ডাম্পিং গ্রাউন্ড চালু, কদমরসুলে কঠিন বর্জ্য ব্যবস্থাপনার জন্য অধিগ্রহণকৃত জমিতে অবকাঠামো নির্মাণ, হকার পুনর্বাসন, বিকল্প সড়ক নির্মাণ, ধর্মীয় স্থাপনার উন্নয়ন এবং জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে ৩০টি ‘স্ট্রিট মেমোরি স্ট্যাম্প’ নির্মাণের বিষয়ও বাজেটে অন্তর্ভুক্ত করা হয়েছে।
বাজেট ঘোষণা এ সময়ে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ ৫ আসনে সংসদ সদস্য আবুল কালাম, নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদ, নারায়ণগঞ্জ ৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান, নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মাসুকুল ইসলাম রাজিব, বাংলাদেশ জামায়াতে ইসলামির কেন্দ্রীয় কর্মপরিষদের সূরা সদস্য মাওলানা মাইনুদ্দিন আহমেদ সহ সাংবাদিক, গণ্যমান্য ব্যক্তি, ও এলাকাবাসীসহ বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন